মিরপুর বাইশটেকিতে পানির পাম্প উদ্বোধন, নতুন পাম্প স্থাপনের আশ্বাস ডিএনসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৩ নভেম্বর ২০২৬।
নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান ও নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: শফিকুল ইসলাম খান
নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার রাজধানীর মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে একটি পানির পাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, পানি জীবনের অপরিহার্য উপাদান। দৈনন্দিন জীবনযাপনে সুপেয় পানির গুরুত্ব অপরিসীম। তাই নগরবাসীর পানির সংকট নিরসনে সিটি কর্পোরেশন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
এ সময় তিনি বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এলাকার পানির সংকট নিরসনে আরও একটি নতুন পানির পাম্প স্থাপনের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রশাসক। তিনি দ্রুত উপযুক্ত স্থান নির্বাচন করে সিটি কর্পোরেশনের অনুমোদন এবং ঢাকা ওয়াসার মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।
এ ছাড়া এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে খালকেন্দ্রিক চলমান প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে প্রশাসক গার্মেন্টস খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
শফিকুল ইসলাম খান বলেন, “আমি এই এলাকার সন্তান। নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, সব সময় জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাব। এলাকার সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি এবং উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য