কৃষকনেতা হাতেম আলী খানের ৪৯তম মৃত্যুবাষিকীতে শ্রদ্ধাঞ্জলি :
মোঃ জামিল হোসেন খাঁন
উপমহাদেশের কৃষক আন্দোলনের সামনের সারির একজন নেতা ছিলেন মজলুম কৃষকনেতা হাতেম আলী খান। বিংশ শতাব্দীর প্রথম ভাগে ভারতীয় উপমহাদেশে সংগঠিত ধারায় কৃষক আন্দোলন শুরু হলে এ আন্দোলনে বাঙলার মুষ্টিমেয় যে কয়জন নেতা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কৃষকনেতা হাতেম আলী খান অন্যতম। তিনি এদেশের গণমুক্তির সংগ্রামে সামনের সারির একজন নেতাও বটে।
আবহমানকাল ধরে যারা শোষণ-বঞ্চনা ও নির্যাতনের শিকার, যারা অজ্ঞতা ও কুসংস্কারে নিমজ্জিত সেই দরিদ্র কৃষকদের মধ্যে চেতনা সঞ্চার এবং তাদের জীবনে অর্থনৈতিক মুক্তি আনয়নই ছিল হাতেম আলী খানের জীবনের ধ্যান-জ্ঞান ও সাধনা। তার বোধের বিপুল অংশ জুড়ে এই চেতনা ও আকাঙখা ছিল তিনি মেহনতি কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করবেন; নিজের সুখ-সমৃদ্ধি বা ক্যারিয়ার গড়বার জন্য নয়। এজন্য তিনি বছরের পর বছর কৃষকদের মধ্যে কাজ করেছেন, তাদের জীবনের সংগে নিজের জীবন মিশিয়ে দিয়েছেন এবং তাদের সামগ্রিক চিন্তা-চেতনায় পরিবর্তন আনয়নের চেষ্টা চালিয়ে গেছেন। তিনি শুধু কৃষকের মুক্তির লক্ষ্যেই কাজ করেন নি, দেশের শিক্ষা বিস্তারেও অনন্য ভূমিকা রেখেছেন। দেশের প্রগতিশীল সাংবাদিকতার জগতে তিনি ছিলেন একজন একনিষ্ঠ পৃষ্ঠপোষক।
হাতেম আলী খান বিশ শতকের কৃষক আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও অবিস্মরণীয় নাম। জমিদারের সন্তান হয়েও নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ ভুলে সমগ্র জীবন উৎসর্গ করে গেছেন মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে। তিনি বিশ্বাস করতেন মুক্তির পথ সমাজতন্ত্র। বিশ্বাস রাখতেন প্রিয় মাতৃভূমিতে একদিন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষের রাজনীতি করার কারণে পারিবারিক স্বাচ্ছন্দ্যের জীবন ত্যাগ করে বেছে নিয়েছিলেন সাধারণ জীবনযাপন।
কৃষকনেতা হাতেম আলী খান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামে ১৯০৪ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নায়েব আলী খান, মাতা সালমা খানম। নায়েব আলী খান ছিলেন বিত্তবান ও এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। নায়েব আলী খানের পিতা ঝোমর আলী খান ছিলেন তৎকালিন সিরাজগঞ্জ মহকুমার তেবাড়িয়া অঞ্চলের বাসিন্দা, তার পিতা বেলু খান পাঠান ছিলেন নবাব আলীবর্দী খানের অন্যতম সেনাপতি। ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে বিপর্যয়ের পর ইতিহাসে খ্যাত যোদ্ধা ঘাসি খান, সুলতান খান ও বেলু খান পাঠান সিরাজগঞ্জের এ অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। ঝোমর আলী খান পূর্ব পুরুষের ভিটামাটির মায়া ছেড়ে বাঙলা ১২৬০ সালে সস্ত্রীক টাংগাইল মহুকুমার বেলুয়া গ্রামে এসে বসতি স্থাপন করেন এবং এখানে তালুক ক্রয় করেন। অল্প সময়ের মধ্যেই তিনি এলাকায় একজন বিত্তবান প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। হাতেম আলী খানের পিতা নায়েব আলী খানও পিতার মতোই পরিশ্রমী, বৈষয়িক, বুদ্ধিমান ও সাহসী ছিলেন। পৈত্রিক সম্পদ তিনি বহুগুন বাড়িয়ে চারশ একর জমির মালিক হন। তার প্রভাব-প্রতিপত্তির কারণে হেমনগরের জমিদার হেমচন্দ্র চৌধুরীও তাকে সমীহ করে চলতেন। হাতেম আলী খান ছিলেন নায়েব আলী খানের নয় ছেলের মধ্যে ষষ্ঠতম ছেলে। তার অন্য ভাইয়েরা হচ্ছেন- নবাব আলী খান, আহম্মদ আলী খান, হযরত আলী খান, আব্দুল হামিদ খান, হাসমত আলী খান, আব্দুল জব্বার খান, আব্দুল লতিফ খান ও আব্দুর রশিদ খান। ছোট বেলা থেকেই হাতেম আলী খান ছিলেন একেবারেই ব্যতিক্রমী, জেদী, একরোখা এবং প্রতিবাদী।
কৃষকনেতা হাতেম আলী খান ছিলেন জমিদার পরিবারের সন্তান। প্রাচীর ঘেরা বাড়িতে সুন্দর সুন্দর দালানকোঠা। পাইক-পেয়াদা, প্রজা-খাতকে বহির্বাটি সরগরম। বৌ-ঝি, চাকর-চাকরানী এবং রাধুনি-বাবুর্চিদের কলকন্ঠে অন্দরমহল মুখরিত। বাহির বাড়িতে বিশাল কাচারি ঘরের পাশে ছিল সুন্দর সাজানো গোছানো বড় নাটমহল, যেখানে ছিল চিত্তবিনোদনের আয়োজন। সামনে নদীর ঘাটে বাধা থাকতো সুন্দর দুটো পানসী নৌকা। ঐশ্বর্য আর প্রাচুর্যের মধ্যে কেটেছে তার শৈশবকাল। এমন লক্ষ্মীমন্ত পরিবারের ছেলে হয়ে তিনি যে একদিন লক্ষ্মীছাড়াদের দলে ভিড়বেন, অভিজাত সমাজের সংস্পর্শ ছেড়ে দিয়ে দেশের দুর্ভাগা চাষিদের জীবনের সংগে নিজের জীবন মিলিয়ে দিবেন, মহত্তর আদর্শের জন্য এমন উন্মুখ হয়ে উঠবেন তা ছিলো অকল্পনীয়।
নিজ গ্রামের মক্তবে হাতেম আলী খানের হাতেখড়ি এরপর তিনি হেমনগর হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাস করেন। স্কুলের ছাত্রবস্থায়ই তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবী দলের কর্মি হয়ে উঠেন এবং নিজেকে একজন প্রকৃত বিপ্লবী হিসেবে গড়ে তোলার দিকে মনোনিবেশ করেন। টাংগাইলের এই অঞ্চলের বিপ্লবী দলের একজন সক্রিয় সদস্য ছিলেন তার বড় ভাইয়ের বন্ধু মাখন চন্দ্র দেব, তারই উৎসাহে এবিষয়ে তিনি পড়াশোনা শুরু করেন। পাশাপাশি ব্যয়াম, কুস্তি, লাঠিখেলা, তলোয়ার চালনা ইত্যাদি অনুশীলন শুরু করেন। শরীর সক্ষম ও সক্রিয় রাখার জন্য তিনি বিভিন্ন সময় সাতার কাটা, তীব্র শীতে খালি গায়ে থাকার অনুশীলন করেন। এভাবে তিনি নিজেকে বিপ্লবী আদর্শের একজন সৈনিক হিসেবে গড়ে তোলেন।
স্কুলজীবন শেষ করে ১৯২০ সালে তিনি কলকাতার রিপন কলেজে আইএ ক্লাসে ভর্তি হন। কলকাতায় রিপন কলেজে ভর্তি হওয়ার পর সেখানেও দেখতে পেলেন অসহযোগ আন্দোলনের ঢেউ। অসহযোগ আন্দোলনের ঢেউয়ে হাতেম আলী খান কলেজ ছেড়ে রাস্তায় নেমে আসেন। রিপন কলেজের প্রায় চার হাজার ছাত্র এক ডাকে বের হয়ে এসে মিছিলে শামিল হয়। মিছিল বংগবাশী কলেজ হয়ে প্রেসিডেন্সি কলেজে গিয়ে শেষ হয়। হাতেম আলী খান এ আন্দোলনে গভীরভাবে জড়িয়ে পড়েন। এসময় তিনি কবি কাজী নজরুল ইসলাম, আব্দুল হালিম, আব্দুল্লাহ রসুল, সূর্যসেন, সত্যেন সেন, জিতেন ঘোষ প্রমুখ দেশবরেণ্য সংগ্রামী নেতৃবৃন্দের সংস্পর্শে আসেন। আন্দোলনের একপর্যায়ে তিনি নিজ এলাকায় চলে আসেন। নিজ এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিলাতি পণ্য বর্জন, জমিদারদের খাজনা ও মহাজনদের দাদনের টাকা বন্ধ করে দেয়ার জন্য তিনি এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন। আন্দোলন জোরদার করার জন্য তিনি গ্রামে গ্রামে জনসভা করে বেড়ান। এজন্য তিনি টাংগাইল অঞ্চলের সকল জমিদার এমনকি নিজ পিতারও বিরাগভাজন হন। তিনি পিতৃ সহায়তা থেকে বঞ্চিত হন ফলে অর্থ কষ্টে পড়ে তাকে সে সময় ঘোরার পিঠে কাপড় বোঝাই করে হাটে হাটে বিক্রি করে জীবন নির্বাহ করতে হয়। এভাবে বছর খানেক কাটানোর পর তিনি পুনরায় কলকাতায় ফিরে যান এবং লেখাপড়ায় মনযোগ দেন। ১৯২৪ সালে তিনি রিপন কলেজ থেকে আইএ পাশ করেন এবং বিএ ক্লাসে ভর্তি হন।
বিএ ক্লাসে ভর্তি হওয়ার কিছুদিন পরে পুনরায় তিনি গ্রামে ফিরে যান এবং জমিদার জোতদার বিরোধী আন্দোলন শুরু করেন। এলাকায় জনসভা করে তিনি অত্যাচারী জমিদার জোতদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এধরণের প্রচারণার ফলে উত্তর টাংগাইলের সব জমিদার তো বটেই তার পিতা নায়েব আলী খানও ব্যপক ক্ষতিগ্রস্ত হন। নিজ গ্রামে নায়েব আলী খানের ৯০ হাজার টাকার দাদন ছিল। হাতেম আলী খানের উস্কানির ফলে ওই দাদনের সুদ আসল কোনটাই পরিশোধ করে নাই, শুধু তাই না বিপুল সংখ্যক বর্গাদার বর্গা ফসল দেয়া বন্ধ করে দেয়। এসময় নায়েব আলী খানের বহু জমি বেহাত হয়ে যায়। এতে তার বাবা এবং উত্তর টাংগাইলের জমিদাররা তার উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠে, প্রতিকূল পরিস্থিতিতে তিনি আবার কলকাতায় ফিরে যান। কলকাতায় ফিরে তিনি কলেজ হোস্টেলে উঠেন, এখানে তার তিনজন বিপ্লবী বন্ধু জুটে যায়। এরা হচ্ছেন শান্তিপুরের নূর মোহাম্মদ, দিল্লির অতুল চন্দ্র এবং মধ্যপ্রদেশের এ,কে, মাহমুদ। নূর মোহাম্মদ এবং অতুল চন্দ্র ছিলেন মেডিক্যাল কলেজের ছাত্র আর মাহমুদ ছিলেন রিপন কলেজের ছাত্র। এরা সবাই ছিলেন হাতেম আলী খানের অন্তরংগ বন্ধু। এসময় তার আরও দু'জন অসমবয়সি বন্ধু জুটে যায়, এদের একজন গোবর্ধন দাস অপরজন শ্রীশচন্দ্র শীল। এই ক'জন মিলে ন্যাশনাল লীগ নামে গুপ্ত সংগঠন গড়ে তোলেন। পরে আরও অনেকে এসে তাদের সাথে যোগ দেন। এই সংগঠনের মাধ্যমে তারা কলেজ স্কোয়ারে থিওসফিস্ট হলে একসভা আহবান করেন। চীনের কনসাল এতে বক্তৃতা করেন। এই সংগঠনের কিছু কিছু সামাজিক কর্মসূচি থাকলেও মূলত বিপ্লবী রাজনীতির মাধ্যমে দেশকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করাই ছিল মূল উদ্দেশ্য। এই সংগঠনের কর্মিরা বিভিন্ন স্থানে কয়েকটি পাঠাগার ও ব্যয়ামাগার প্রতিষ্ঠা করেন। লীগ কর্মিরা ওই এলাকার যুবকদের সমবেত করে তাদের মধ্যে বিপ্লবী ভাবধারা প্রচার করত, বিপ্লবী বইপত্র পাঠ করতে দিত। এসব কাজের মধ্যদিয়ে নতুন নতুন দেশপ্রেমিক যুবক গোপন বিপ্লবী সংগঠনে যোগ দেয়।সংগঠনের প্রসার ঘটতে থাকে, বিজ্ঞানের কিছু ছাত্রও এ সংগঠনের সদস্য হন। তারা বোমা তৈরির ফর্মূলা সংগ্রহ করেন এবং বোমা তৈরি করা শুরু করেন। ওইসব স্থানে তিনি সংগঠনের সদস্যদের নানা রকম অস্ত্রশস্ত্র ও বোমা তৈরির প্রশিক্ষন দেন।
একবছর অবাধে ন্যাশনাল লীগের কাজ চালানোর পর পুত্রের বিপ্লবী তৎপড়তার খবর পৌঁছে গেল পিতা নায়েব আলী খানের কানে, তিনি হাতেম আলী খানকে হুশিয়ার করে দিলেন যে, বিপ্লবী কর্মকান্ড থেকে সরে না আসলে মাসোহারা বন্ধ করে দেয়া হবে।এসময় তাকে মাসে ১৭০/-টাকা মাসোহারা পাঠানো হতো। মাসোহারা যাতে বন্ধ না হয়ে যায় সেজন্যে তিনি কিছু দিন সংগঠনের কাজে ঢিলা দিয়ে পড়াশোনায় মনোযোগী হলেন। পড়াশোনায় মনোযোগী হতে দেখে নায়েব আলী খান সিদ্ধান্ত নিলেন যে ছেলেকে ব্যারিস্টারী পড়ানোর জন্য বিলেত পাঠাবেন। জমিদার পিতা যাকে ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখতেন, পরবর্তিতে তিনি হলেন হতদরিদ্র কৃষকদের একজন প্রকৃত বন্ধু। তার জীবনের এই মোড় পরিবর্তনের মূলে ছিলেন ভারতের প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড মোজাফফর আহমেদ।
১৯২৬ সালের আগষ্ট মাসে কলকাতার হ্যারিসন রোডের একটি বাসায় কমরেড মোজাফফর আহমেদ ও শ্রীপাট অমৃত ডাঙের সংগে হাতেম আলী খানের পরিচয় ঘটে। পরিচয় ক্রমশ নিবিড় হয় এবং এদের সংগে পরিচয়ে হাতেম আলী খানের চিন্তার জগতে নতুন চেতনার উন্মেষ ঘটে তিনি মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হন। সেসময় মার্কসীয় দর্শন, রুশ বিপ্লব, কমিউনিস্ট আন্দোলন, শ্রমিক-কৃষকের আন্দোলন বিষয়ক খবর ও ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ যুক্তিবাদী ও আধুনিক দৃষ্টিভংগী গ্রহণ করে কমরেড মোজাফফর আহমেদ 'গণবাণী' পত্রিকা বের করতেন। হাতেম আলী খান প্রতিদিন গণবাণী অফিসে এসে নগদ পয়সায় ২০/২৫ কপি পত্রিকা কিনে গোপনে কলেজ হোস্টেলের বিভিন্ন কক্ষে ওইসব পত্রিকা বিনামূল্যে বিতরণ করতেন। এসব করেও তিনি পড়াশোনা অব্যাহত রাখেন এবং বিএ পাশ করে এমএ ক্লাসে ভর্তি হন। এর অল্প কিছুদিন পরে হাতেম আলী খানের পিতা নায়েব আলী খান মারা যান, পিতার মৃত্যুতে তিনি দারুণ শোকাহত হন। এসময় হাতেম আলী খানকে একজন বিষয়ী মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য অভিভাবকরা তাকে বিয়ে করানোর জন্য তোড়জোড় শুরু করেন। ১৯২৭ সালে হাতেম আলী খান কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের বিশিষ্ট ভদ্রলোক আব্দুল করিম খানের মেয়ে কসিমুন্নেসা খানমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সংসার তাকে কখনোই তেমনভাবে ধরে রাখতে পারে নাই। কারণ তার জীবনের ১৩বছর কেটেছে জেলে, ১০বছর কেটেছে বিভিন্ন স্থানে শিক্ষকতায় বাকী সময় কেটেছে রাজনীতি এবং কৃষক সংগঠন গড়ার কাজে।
বিয়ের এক বছর পরই ১৯২৮ সালে হাতেম আলী খান কলকাতায় চলে যান এবং এবছর তিনি এম.এ পাস করেন। পড়ার পাঠ চুকে গেলে তিনি মেহনতি মানুষের কথা প্রচার করার জন্য পত্রিকা বের করার পরিকল্পনা করেন। পত্রিকা প্রকাশের জন্য টাকার ব্যবস্থা না করতে পেরে স্ত্রীর সত্তর ভরি গহনা বিক্রি করে 'সর্বহারা' নামে সাপ্তাহিক পত্রিকা বের করেন। সাপ্তাহিক পত্রিকাটির নাম রাখা হয় কমরেড মুজাফফর আহমদ ও কবি নজরুলের সঙ্গে পরামর্শ করে। মাস ছয়েক চলার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। 'সর্বহারা' বন্ধ হয়ে যাওয়ার পর তার উদ্যোগে প্রথমে 'চাষী-মজুর' ও পরে 'দিনমজুর' নামে আরো দুটো পত্রিকা বের হয়। কিন্তু অর্থের অভাবে এ পত্রিকা দু'টিও বন্ধ হয়ে যায়। এসব পত্রিকা চালু রাখতে হাতেম আলী খান অক্লান্ত চেষ্টা করেছেন। পত্রিকা দু'টি চালু রাখতে তিনি কিছুদিন খিদিরপুর ডকে কুলির কাজও করেছেন।
পত্রিকা প্রকাশনায় সুবিধা করতে না পেরে হাতেম আলী খান কিছুদিন সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত রইলেন। ১৯৩২ সালে মাওলানা ভাসানী সিরাজগঞ্জে এক প্রজা সম্মেলন আহবান করেন, সম্মেলন উদ্বোধন করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সভাপতিত্ব করেন খান বাহাদুর আব্দুল মমিন। এ বিশাল সম্মেলনে বক্তৃতা করেন সুরেন্দ্র নাথ ব্যানার্জি, বিপিন পাল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, মহাত্মা গান্ধী, অধ্যাপক জে.এল ব্যানার্জি, শেরে বাংলা এ.কে ফজলুল হক, মাওলানা আজাদ, মাওলানা আকরাম খা, ইসমাইল হোসেন সিরাজী, আব্দুল্লাহিল বাকী প্রমুখ। সম্মেলনে গৃহীত প্রস্তাবে জমিদারি প্রথা উচ্ছেদ, খাজনা হ্রাস, নজর সেলামি বাতিল ও চক্রবৃদ্ধি হারে মহাজনি সুদ বাতিল করার দাবী জানানো হয়। হাতেম আলী খান এই সম্মেলনের সাফল্যে উৎসাহিত হয়ে নিজ এলাকায় ফিরে এসে আবারও কৃষক-প্রজাদের মধ্যে কাজ করার সিদ্ধান্ত নিলেন।
১৯৩৩ সালে হাতেম আলী খান কলকাতা থেকে গ্রামে চলে আসেন। এসময় কৃষক-প্রজাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। হেমনগরের জমিদার হেমচন্দ্র চৌধুরী ও ধনবাড়ির জমিদার নওয়াব আলী চৌধুরী মিলে সিদ্ধান্ত নেয়- তারা ত্রিশ শতাংশের পরিবর্তে ২৭ শতাংশে বিঘার মাপ চালু করবেন। উভয় জমিদারের আওতাধীন এলাকায় নায়েব, গোমস্তা, আমিনরা নতুন করে জমি জরিপ শুরু করে। অন্যদিকে পাইক-পেয়াদা, বরকন্দাজরা সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপড় হয়। প্রজারা দিশেহারা, ভয়ে সবাই সন্ত্রস্ত। কোন প্রজার খাজনা বকেয়া থাকলে ধনবাড়ির জমিদার পেয়াদা পাঠাইয়া তাকে বেধে কাচারিতে নিয়ে আসার হুকুম দিতেন, তারপর কাচারির সামনে একটা বিশাল শিমুল গাছে ঝুলিয়ে বেদম প্রহার করা হত। নির্মম প্রহারে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যেত। তারপর অজ্ঞান অবস্থায় তাকে ছেড়ে দেয়া হত।
অন্যদিকে হেমনগরের জমিদারও বকেয়া খাজনার জন্য প্রজাদের উপর নির্মম নির্যাতন চালাতেন। আগুন দিয়ে প্রজাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হত অথবা হাতি দিয়ে বাড়ি-ঘর ভেঙেচুরে দেয়া হত। এসব জমিদারের অন্যায়-অত্যাচার বন্ধের জন্য হাতেম আলী খান দৃঢ় প্রতিজ্ঞ হলেন। তিনি রায়তদের সাথে আলোচনা করে বাইশটা গ্রামের কৃষক-প্রজাদের সংগঠিত করে জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন। আন্দোলন এক পর্যায়ে জঙ্গিরূপ ধারণ করে। হেমনগরের জমিদার হেমচন্দ্র চৌধুরী বিপদ বুঝে একদিন হাতেম আলী খানকে বাড়িতে আমন্ত্রণ জানান। হাতেম আলী খান বাড়িতে দেখা করলে জমিদার নানা ধরনের সুযোগ সুবিধার কথা বলে আন্দোলন থেকে বিরত থাকতে অনুরোধ করেন। ব্যক্তিগত সুযোগ সুবিধার প্রস্তাব প্রত্যাখ্যান করে হাতেম আলী খান আন্দোলন আরো জোরদার করে তোলেন। তার সাংগঠনিক দক্ষতার গুনে উত্তর টাংগাইলের কৃষকরা ঐক্যবদ্ধ হয়, তারা জমিদারের খাজনা, মহজনের দাদন এবং বর্গা জমির ফসল বন্ধ করে দেয়। এতে জমিদাররা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে কয়েকজন জমিদার ঐক্যবদ্ধ হয়ে তার প্রাণনাশের চেষ্টা চালায় এবং তার বিরুদ্ধে ৩৯টি মামলা দেয় এবং এলাকায় পুলিশ পাঠিয়ে প্রজাদের ভীত-সন্ত্রস্ত করে তোলে। এসব মামলায় কেউ হাতেম আলী খানের বিরুদ্ধে স্বাক্ষী দিতে রাজী না হওয়ায় জমিদাররা সুবিধা করতে না পারলেও আন্দোলন সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। তবে এই আন্দোলনের ফলে এ অঞ্চলের কৃষকদের সংগ্রামী চেতনা শানিত হয়ে উঠে।
১৯৩৫ সালে এলাকাবাসী তাকে ইউনিয়ন বোর্ড নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার অনুরোধ করলে তিনি নির্বাচনে প্রার্থী হন এবং বিজয়ী হয়ে ১৯৩৮ সাল পর্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
১৯৩৯ সালের ২০ ফেব্রুয়ারী নিখিলবংগ প্রজা সমিতি গোপালপুর থানার ভেংগুলাতে এক বিশাল প্রজা সম্মেলনের আয়োজন করে। হাতেম আলী খান বিপুল সংখ্যক কৃষক-প্রজা নিয়ে এই সম্মেলনে যোগদান করেন। এতে সারাদেশ থেকে প্রায় এক লাখ কৃষক যোগদান করে। করটিয়ার জমিদার এ সম্মেলনে বাধাদানের চেষ্টা করে কিন্তু কৃষকদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধে জমিদারের লোকজন পালিয়ে যায়।
১৯৪৩ সালে হেমনগরের প্রতাপশালী জমিদার পরিবারের সদস্য সূর্যকান্ত চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে হাতেম আলী খান হেমনগর ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৪৬ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালনে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। চার বছর প্রেসিডেন্ট থাকাকালীন তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।
সংগঠিত কৃষক আন্দোলন সংগঠনে ভূমিকা :
১৯১৯ সালে দেশে মন্টেগু চেমসফোর্ড সংস্কার চালু করা হলে এদেশের কৃষকরা ভোটাধিকার পায়, সংগে সংগে দেশে প্রজা আন্দোলন শুরু হয়ে যায়। হাতেম আলী খান ছাত্রাবস্থায়ই প্রজা আন্দোলনে ঝাপিয়ে পড়েন।এরজন্য তিনি এলাকার জমিদারদের বিরাগভাজন হন, এমনকি তার প্রাণনাশের হুমকি দেওয়া হয় কিন্তু তিনি ভীত হননি বা আন্দোলন থেকে পিছুহটে যাননি। প্রজা আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকার কারণে কৃষকদের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়, সর্বত্র তার নাম ছড়িয়ে পরে।
এদিকে বাঙলার কৃষকদের উপর শোষণের অবসানকল্পে কমিউনিস্ট ও বামপন্থিরা ১৯৩৬ সালের ১১ এপ্রিল 'বংগীয় প্রাদেশিক কৃষকসভা' গঠন করেন। ১৯৩৭ সালে বাকুড়ার পাত্রসায়রে বংগীয় প্রাদেশিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময়ই হাতেম আলী খান কৃষকসভার সদস্য হন এবং সংগঠনের শীর্ষনেতা বংকিম মুখার্জি, আব্দুল্লাহ রসুল, ভুপেন্দ্রনাথ দত্ত, মনসুর হাবিবুল্লাহ প্রমুখের সাথে ঘনিষ্ট হন। তিনি কৃষকসভার অনুকরণে নিজ এলাকায় সফল কৃষক আন্দোলন গড়ে তোলেন এবং পরবর্তিতে বাংলার বিভিন্ন অঞ্চলে কৃষক সভা-সম্মেলনে অংশগ্রহণ করেন। এরমধ্যে ১৯৩৮ সালের ২-৩ ডিসেম্বর হুগলি জেলার বড়ায় কৃষক সভার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর কয়েক মাস পর ১৯৩৯ সালের এপ্রিলে গয়াতে এক কৃষক সম্মেলন হয়, এই সম্মেলন বাংলার কৃষক আন্দোলনের উপর বেশ প্রভাব বিস্তার করে। কৃষক সভার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৩৯ সালের ৪-৫মে, মালদহ জেলার নঘরিয়ায়। এই সম্মেলন অনুষ্ঠানের সময় কৃষক সভার সদস্য সংখ্যা ৫০ হাজারে উন্নীত হয় এবং সমাবেশে ৭৫ হাজার কৃষক উপস্থিত হয়। ১৯৪০ সালের ৮-৯ জুন যশোর জেলার পাজিয়াতে কৃষক সভার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪১ সালে কৃষক সভার বার্ষিক সস্মেলন অনুষ্ঠিত হয়নি, কারণ ১৯৪০-৪১সালে কৃষক সভার প্রায় দুই হাজার কর্মি ও সদস্য মামলায় জড়িত হয়ে পড়ে। ১৯৪২ সালে জুন মাসে তদানিন্তন রংপুর জেলার ডোমারে কৃষক সভার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনেও অনেক নেতা জেলে বা আত্মগোপনে থাকায় যোগ দিতে পারেননি। ১৯৪৩ সালের ১০-১২ মে তদানিন্তন ময়মনসিংহ জেলার নালিতাবাড়ীতে কৃষক সভার ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়, পূর্ববর্তী সম্মেলনগুলির তুলনায় নালিতাবাড়ী সম্মেলন ছিল সবচেয়ে সংগঠিত এবং কর্মিদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই সম্মেলনে কমরেড মোজাফফর আহমেদসহ সর্বভারতীয় কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলার পচিশটি জেলার মধ্যে তেইশটা জেলা থেকে ১৬৯ জন প্রতিনিধি সম্মেলনে যোগদান করেন। নদীয়া ও বাকুড়া থেকে কেউ আসেনি। এরপূর্বে কোন সম্মেলনে এতো বেশি প্রতিনিধি যোগ দেয়নি। এসময় কৃষক সভার সদস্য সংখ্যা ছিল ১,২৪,৮৭২ জন। সম্মেলনের প্রধান বিষয় ছিল খাদ্য সমস্যা, এবছর বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ১৯৪৪ সালের ২৯ ফেব্রুয়ারী থেকে ২মার্চ মন্বন্তর তখনও চলছে, এরমধ্যেই দিনাজপুর জেলার ফুলবাড়িতে কৃষক সভার সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কৃষক সভার সদস্য সংখ্যা ছিল ১,৭৮,৫০০ জন। ২৪টি জেলা থেকে এতে প্রায় চারশ প্রতিনিধি যোগ দেয়। ২রা মার্চের সমাবেশে দু'হাজার নারীসহ প্রায় ত্রিশ হাজার কৃষক সমবেত হয়। ৪৫০ জন কৃষকের একটি মিছিল ৮০ মাইল হেটে সমাবেশে যোগ দেয়। ১৯৪৫ সালের ১৩-১৪ মার্চ বর্ধমান জেলার হাট গোবিন্দপুরে কৃষক সভার অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২৫টি জেলা থেকে ৩২৫ জন প্রতিনিধি যোগদান করেন। এ সম্মেলনে কৃষক সভার সদস্য সংখ্যা দাঁড়ায় ২,৫৫,১০৪ জন।
হাট গোবিন্দপুর সম্মেলনের পর কৃষক সভা ১৯৪৫ সালের এপ্রিল মাসে নেত্রকোনা জেলার নাগাড়ার মাঠে এক বিশাল কৃষক সমাবেশের আয়োজন করে। মাঠকে সারা ভারত কৃষক সমাবেশের উপযুক্ত করে তোলার জন্য মণি সিংহ, সুবিমল সেন, খুশু দত্ত রায়, শচীন চক্রবর্তী, সুকুমার ভাওয়াল প্রমুখ নেতৃবৃন্দ দিনরাত পরিশ্রম করেন। সম্মেলনের কাজে শত শত হাজং যুবক এবং যুইফুল দত্ত, অঞ্জলি রায় ও নির্মলা সেনের নেতৃত্বে বহু মহিলা কর্মি দিনরাত পরিশ্রম করেন। সম্মেলন সফল করার জন্য জনগণের পক্ষথেকে অনুকূল সাড়া ও পর্যাপ্ত অর্থ সাহায্য পাওয়া যায়। বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার বাশ সংগ্রহ করা হয়, বাশ ও চাটাই দিয়ে তৈরি হয় সুদৃশ্য বক্তৃতা মঞ্চ। সভামণ্ডপ, প্রদর্শনী, স্টল প্রভৃতি মিলে ছোট্ট সুন্দর একটা শহর গড়ে উঠে। মণিপুর থেকে পাঞ্জাব পর্যন্ত ভারতের বিভিন্ন প্রদেশের প্রতিনিধিরা এতে উপস্থিত হয়। টাংগাইল থেকে হাতেম আলী খানের নেতৃত্বে একদল ভলান্টিয়ার সম্মেলনে অংশ গ্রহণ করে। সম্মেলনে লাখো জনতার সম্মিলন ঘটে। এতে সভাপতিত্ব করেন কমরেড মোজাফফর আহমেদ, বক্তৃতা করেন পুরন চাঁদ যোশী, বংকিম মুখার্জি, ভবানী সেন, সুন্দরাইয়া নাম্বদ্রিপদ, সোমনাথ লাহিড়ী, হরকিষান সিং, চন্দ্রিকা সিং, ইরাবৎ সিং, আব্দুর রাজ্জাক খান, কৃষ্ণ বিনোদ রায়, আব্দুল্লাহ রসুল প্রমুখ। এই সম্মেলন সারা বাংলায় কৃষকদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।
নেত্রকোনা কৃষক সমাবেশ থেকে ফিরে এসে হাতেম আলী খান আবারও নিজ এলাকার কৃষকদেরকে জমিদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেন। ছাত্র ও যুবকদের মধ্যথেকে তিনি প্রত্যেক গ্রামে ১০ জন করে ভলান্টিয়ার নিয়ে একটি করে স্কোয়াড গঠন করেন। এই স্কোয়াডের নামকরণ করা হয় হোমগার্ড। সদস্যদের নানা ধরনের অস্ত্রশস্ত্র চালনার প্রশিক্ষণ দেয়া হয়। তাদের নিয়মিত কুচ-কাওয়াজে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। হোমগার্ডের কয়েকজন ক্যাপ্টেন ছিলেন, এরা হচ্ছেন খন্দকার গোলাম সরোয়ার, ইউনুস আলী, সামান আলী সরকার, সদর মৃধা, জমশের আকন্দ প্রমুখ। হোমগার্ডের সর্বাধিনায়ক ছিলেন হাতেম আলী খানের ছোটভাই আব্দুল লতিফ খান। তিনি বৃটিশ নৌবাহিনীর একজন(স্বেচ্ছা অবসরপ্রাপ্ত) সদস্য ছিলেন। তিনি ছাড়াও হাতেম আলী খানের আরও একভাই তার বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী ছিলেন। তার নাম আব্দুল জব্বার খান।
হাতেম আলী খান হেমনগর ও ধনবাড়ির জমিদারদের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য গোপালপুর ও মধুপুর থানার বিভিন্ন গ্রামের কৃষকদের সংগঠিত করা শুরু করেন। তিনি ওইসব গ্রামের নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন এবং পরামর্শ সভায় মিলিত হতেন। তাছাড়া নেতৃস্থানীয় সদস্যদের সাথে পরামর্শ করার জন্য যোগীর গোপা নামে একটি জলবেষ্টিত দ্বীপের নির্জন স্থানে বৈঠক করতেন। এ সময় কুমুল্লীর জসিম চৌধুরী অর্থসচিব হিসেবে এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের অর্থের যোগান দিতেন।এভাবে তিনি আন্দোলনের চুড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেন।
১৯৪৬ সালের ২১-২৪মে খুলনা জেলার মৌভাগে কৃষক সভার নবম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন তেভাগার আওয়াজ তোলা হয়। তেভাগা আন্দোলন শুরু হলে হাতেম আলী খান টাংগাইলের উত্তরাঞ্চলে বিশেষ করে গোপালপুর ও মধুপুর অঞ্চলে শক্তিশালী কৃষক সংগঠন ও আন্দোলন গড়ে তুলতে সক্ষম হন। এ অঞ্চলে তেভাগা আন্দোলন তুঙে উঠে। অবস্থা আয়ত্বের বাইরে যাচ্ছে দেখে টাংগাইলের মহুকুমা প্রশাসকের মধ্যস্ততায় কৃষক ও জমিদার পক্ষের মধ্যে একটা আপোষ-রফা হয়।
টাংগাইলে তেভাগা আন্দোলন সফল হওয়ার পর হাতেম আলী খান রংপুর, দিনাজপুর, নরসিংদীর রায়পুর ও মুন্সিগঞ্জ অঞ্চলে তেভাগা আন্দোলন সংগঠনে কাজ করেন।
পাকিস্তান আন্দোলনে ভূমিকা :
টাংগাইলে তেভাগার উত্তাপ নি:শেষ হয়ে যাওয়ার পূর্বেই পাকিস্তান আন্দোলনের উত্তাল অভিঘাত গোটা অঞ্চলকে কাপিয়ে দেয়।ইতিপূর্বে পূরণ চাঁদ যোশী, বংকিম মুখার্জিসহ কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন নেতা পাকিস্তান প্রতিষ্ঠার দাবিকে ন্যাশনাল মাইনরিটির আত্মনিয়ন্ত্রণাধিকার বলে স্বীকৃতি দেন। এ স্বীকৃতির ফলশ্রুতিতে হাতেম আলী খান পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। ১৯৪৬ সালের মাঝামাঝি সময়ে জমিদার হেমচন্দ্র চৌধুরী মুসলমান প্রজাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। তার কাচারির সম্মুখস্থ বাজার থেকে দু'জন দোকানীকে জবরদস্তিমূলক ভাবে উচ্ছেদ করেন। হাতেম আলী খান তাদের পক্ষে দাড়ালেন, তিনি এলাকার কৃষকদের হেমনগর বাজার বর্জনের নির্দেশ দিলেন। শুধু তাই না, হেমনগর বাজারের অদূরে তিনি একটি নতুন বাজার প্রতিষ্ঠা করেন। এই বাজারের নাম দেন পাকিস্তান বাজার যা এখন বাংলাবাজার নামে পরিচিত।
নানা মুখী রাজনীতি :
১৯৩৮ সালের মাঝামাঝি সময়ে ময়মনসিংহে কমিউনিস্ট পার্টির জেলা কমিটি গঠিত হয়, সুধিন রায় ওই কমিটির সেক্রেটারি নির্বাচিত হন। এর কিছুদিন পরে টাংগাইলে মহুকুমা কমিটি গঠিত হয়। হাতেম আলী খান, খোন্দকার আব্দুল বাকী, নারায়ণ বিশ্বাস, আব্দুর রহমান প্রমুখের নেতৃত্বে মহুকুমা কমিটি গঠিত হয়। এসময়ে নারায়ণ বিশ্বাস, খোন্দকার আব্দুল ব
পাঠকের মন্তব্য